১
ফুরায় যেটা, ফুরায় মনে হয়
এ আসলে নতুন সুবাস আসার শুরু
জানলা খুলে রাখ
একটা পাখি ডাকছে, ঐ দ্যাখ দ্যাখ
নতুন সকাল নতুন দিনের শুরু
বাঁ গাল দিয়ে নেমেছে চুলের রেখা
দখিন বাতাস ঠোঁটের ছোঁয়া দেয়
চমকে উঠে দ্যাখ
কলিং বেলে হাত ছোঁয়ালো কে
নতুন করে হোক শুরু হোক শেখা
###########################
২
সবে তো চুমুক দিয়েছি চায়ে
বাঁ গালে তোর আলতো চুমু
খিলখিল হাসি
ভেসে ওঠে কথা
যতদিন বাসবি ভালো
এ তিল বর্ণহীন হবে না
চমকে উঠে কাপ রাখি টেবিলে
দু’হাতে জড়াতে গেছি তোকে
ঘোর কেটে গেল
কতদূর থাকিস তুই
এভাবেও বাতাসে ভেসে আসিস
কিছুই বলার নেই
মুছে যেতে আসি এ পৃথিবীতে
########################
৩
মুছে যেতে এসেছি পৃথিবীতে
তবুও দিন গড়িয়ে সন্ধ্যা হয়
সন্ধ্যার পর নামে দু'জনের রাত
ঘুমহীন চোখ ভোর ডেকে আনে
তোর সবকিছু গুলিয়ে গুবলেট
আমার সেলফির চোখে চিকচিক করে জল
বল, ভালবেসে করেছি কি ভুল?
ভোরের পাখি বলেই চলে আপন মনে
মুছে যেতে এসেছি পৃথিবীতে
######################
৪
তুমি আর কতক্ষণ মনে রাখবে বলো
তুলসীতলায় কতদিন হবে আর গলবস্ত্র
ভিখারিদের পৃথিবী মনে রাখে কি?
শ্রমিককেও ভুলে যায় লোকে
তোমার কি দায় পড়েছে বলো
মুকুটহীন শাজাহানের সাম্রাজ্য ফেরানোর?
চাপ চাপ বুকের রক্ত ভাসিয়েছি গঙ্গার ঘাটে
ঘুমহীন রাতেরা সঙ্গী আমার
আসলে কি জানো?
তুমি আমি সব্বাই
মুছে যেতে এসেছি পৃথিবীতে
################
৫
মাঝরাতে তোমার সঙ্গে গল্পে মেতেছি
ঝড় উঠেছে
তোমার শরীরে একে একে সব রেখা পুঁতে
শান্তির ঘুম আঁকি চোখে
তারপর
তারপর ঘুমেরা ছুটি নেয়
আবছায়া রোদে কষ্টেরা বাঁকা হাসে
একটা কথাই বলি বারবার
মুছে যেতে এসেছি পৃথিবীতে
######################
১
উলুকুটু ধুলুকুটু প্রচার বাঁশি
বাজিয়ে বাজিয়ে জিতছে দল
২
রং আপনার দেখে সবাই
কাঁদছে সবাই রাগছে সবাই
৩
রিপোর্টারে বাজায় বাঁশি
বাঁশির সুরে শাসক হাসে
৪
তোমার টাকায় চড়ছে গলা
আগডুম বকে বাগডুম বকে
৫
মুক্তি মুক্তি চাইছি সবাই
শাসক টুঁটি চেপে ধরে
৬
উপকারী যদি কিছু ফেরতা চায় চায়
উপকার নিয়ে কেউ কেউ লুকিয়ে যায়
************
১
বৈপরীত্য
ছিল, আছে, থাকবে
হাসি-কান্না, নরম-গরম
ফিরিস্তি বাড়িয়ে লাভ নেই
সবাই জানে
আর মানুষ?
বৈপরীত্যে ঠাসা
কখনও সে পাহাড় ফাটা ঝর্ণা
কখনও সাগরের নোনা জল
২
এসো
কোমরে জড়াও গামছা
সঙ্গে ঝাঁটা বালতি
সাফাই অভিযান
ময়লা তো কম জমে নি!
এসো
আসন পাতো
ধূপ জ্বালো
মন এক করো
আত্ম সমালোচনা করো
ভুল তো কম করো নি!
৩
পাত্রী :
মণিমালা সুন্দরী
শিক্ষিতা
রোজগেরে
জানাজানির আগে
তার মন ছিল কাঁচ-জল
পাত্র :
স্বপ্নবিলাস নায়ক
শিক্ষিত
উপায়ী
শাঁখ বাজল
উলুধ্বনি
গায়ে হলুদ
দিন গেল
মাস গেল
বছরও গেল
তারপর
সব তালগোল!
৪
প্রকৃতি :
বর্ষায়
গাছে গাছে চটক
বসন্তে
কমনীয়তা
সাদৃশ্য আগে :
তোমাকে প্রথম দেখা
সহজ ছিল না
কূটগন্ধী চটক
শ্বাসরুদ্ধ হয়েছিলাম আরকি!
সাদৃশ্য পরে :
আর আজ?
মুকুলে মুকুলে ঠাসা
শান্ত সম্ভাবনা
শপথ :
মহাশূন্যে ছুঁড়ি উত্তোলিত হাত
যাক জ্বলে পুড়ে
হলুদ কলাপাতা সব
লক্ষ্য :
মানবিকতার জয়
৫
সব স্বপ্ন শেষ
পৌঁছে গিয়ে দেখি
বড় একা হয়ে গেছি
গায়ে এখনও লেগে
নোনা নোনা ঘাম
৬
পার্কে বসে
ভাবছে দাদু
চটপটে ঐ কন্যেটি
আমার যদি থাকতো!
৭
ওরা চার বন্ধু
হঠাৎ বন্ধু
পাগল ছাড়া কিছু নয়
যুগোপযোগী মানুষ নয়
৮
ক্ষোভ মিটে গেলে
আসে দুঃখবোধ
অনাবশ্যক মোলায়েম হাসিতে
ব্যভিচার ঢাকা যায়?
চোখে তার বিষবাষ্প ঝরে
৯
গঙ্গায় ভাসানো জিনিস আর ফেরে না
আমরা যতই চেষ্টায় থাকি না কেন
নিটফল শূন্য
নিটফল নিটোল শূন্য
শুধু ছুঁয়ে ছুঁয়ে যায় উদাসী হাওয়া